বগুড়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলে, স্বামী-স্ত্রীসহ আহত ৫
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়ার কথা বলছে একটি পক্ষ।
বগুড়ার ধুনটে মিছিল করাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলে, স্বামী-স্ত্রীসহ পাঁচজন আহত হওয়ার খবর এসেছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান।
আহতরা হলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ (৫০), তার ছেলে আবির মাহমুদ উৎস (২৭), উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক নূরুন্নবী তালুকদার (৪৫), তার স্ত্রী আয়েশা আকতার (২৮) ও জাসাস নেতা আলমগীর হোসেন (৪০)।
তাদের মধ্যে আপেল মাহমুদ ও তার ছেলে উৎস হাসপাতালে ভর্তি রয়েছেন; অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত আপেল মাহমুদ বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার প্রতিবাদ ও তাদের গ্রেপ্তারের দাবিতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় পুলিশের সামনেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর পাশার নেতৃত্বে বিএনপি, ছাত্রদল ও যুবদলের ২০-২৫ জন নেতাকর্মী আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এছাড়া কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করে তারা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।”
তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা বলেন, “সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। পরে শুনতে পাই, আপেল মাহমুদ কারো সঙ্গে কোনো পরামর্শ করা করেই একক সিদ্ধান্তে লাঠি হাতে মিছিল বের করতে চেয়েছিলেন। বিশৃঙ্খলা না করতে দলের নেতাকর্মীরা তাকে অনুরোধ করলে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।”
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, “সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।”
