আত্মহত্যা নয়, ৪ মাস পর জানা গেল ‘ছেলেই খুন করেছিল’
১৩ জুলাই খাগড়াছড়ি পৌর এলাকার বাড়ি থেকে মাখনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
খাগড়াছড়ির রামগড় পৌর এলাকার বাসিন্দা মাখন চন্দ্র নাথকে ছেলেই খুন করেছিল বলে পুলিশ দাবি করেছে।
রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, মাখনের ছেলে শুভ চন্দ্র নাথ (১৯) বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফুল ইসলামের আদালতে হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
১৩ জুলাই পৌর এলাকার গর্জনতলীর বাড়ি থেকে মাখনের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৪ জুলাই মাখনের স্ত্রী থানায় অপমৃত্যুর মামলা করেন।
মামলার বরাতে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদনে মাখনের মৃত্যুর কারণ হিসেবে মাথায় রক্তক্ষরণের কথা বলা হয়েছে। তারপর মাখনের ভাই রাখাল চন্দ্র নাথ মঙ্গলবার হত্যা মামলা করেন। পুলিশ বুধবার আসামি শুভকে গ্রেপ্তার করে।
ওসি মঈন উদ্দীন বলেন, পারিবারিক কলহের জেরে কোদালের বাট দিয়ে শুভ তার বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মাখনের গলায় রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়।
হত্যার ঘটনাটি প্রকাশ না করতে শুভ তার মাকেও হুমকি দেয় এবং অপমৃত্যুর মামলা করতে বাধ্য করে।
