২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিএনপিকর্মীর বিরুদ্ধে সাংবাদিক পেটানোর অভিযোগ

মারধরের শিকার সাংবাদিক জুবায়ের হোসেন দৈনিক সংগ্রামের নাটোর জেলা প্রতিনিধি।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 05:11 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

নাটোরে জামায়াতে ইসলামীর প্রার্থীকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ভিডিও ধারণ করায় এক সাংবাদিকে পেটানোর অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে ।

নাটোর-২ আসনের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম জানিয়েছেন। 

মারধরের শিকার সাংবাদিক জুবায়ের হোসেন দৈনিক সংগ্রামের নাটোর জেলা প্রতিনিধি। 

সাংবাদিক জুবায়ের হোসেন বলেন, “আমি আমার বৈধ পর্যবেক্ষক কার্ড দেখানোর পরও আনসার সদস্যদের লাঠি কেড়ে নিয়ে বিএনপিকর্মী কাজী হীরা আমাকে ব্যাপক মারপিট করে শার্ট ও পর্যবেক্ষক কার্ড ছিঁড়ে ফেলে। উপস্থিত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় এগিয়ে না এসে দূরে সরে যান।” 

এ ঘটনার পর নির্বিঘ্নে ও নিরাপদে ভোটদান করা যাবে কিনা সে ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন নাটোর-২ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী। 

অভিযোগের ব্যাপারে নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ বলেন, “আমি এ বিষয়ে এখনও কোনো কিছু শুনি নাই। জেনে পরে জানাতে পারব।”

নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, “যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল গিয়ে আইনশৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রণে এনেছেন।  তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”