২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ কেজির বোয়াল বিক্রি হল ১২ হাজারে

“মাছে হালকা দাগ ছিল, তাই দাম কম গেছে।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2025, 10:59 AM

Updated : 10 Sep 2026, 12:30 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে এক জেলের বরশিতে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

রোববার গভীররাতে বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসুদেব হালদার নামের এক জেলের বরশিতে বোয়ালটি ধরা পড়ে।

মাছটি বিক্রির জন্য সোমবার সকালে আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসেন বাসু। পরে বোয়ালটি ১২ হাজার টাকায় বিক্রি করা হয়।

বাসুদেব হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদ্মায় বরশি তোলার সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। তারপর টেনে নৌকায় তুলতেই দেখি, বড় একটি বোয়াল জালে আটকায় আছে।

“সকালে সুবল দার আড়তে নিয়ে আসি। এখানে ১২ হাজার টাকায় মাছটা বিক্রি হয়। বরশির মাছ হওয়ায় আর তোলার সময় একটু দাগ লাগায় দাম কম হাকাইছে মাছ ব্যবসায়ীরা।”

আড়তদার সুবল রাজবংশী বলছিলেন, “পদ্মায় পানি কমে গেছে, এখন আড়তে মাছ কম। তারপরও মাঝে মাঝে বড় বড় বোয়াল আর আইড় মাছ জালে ওঠে। সকালে ৯ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন বাসু। হাঁকডাকে ১২ হাজার টাকায় বোয়ালটি আরেক আড়তদার হৃদয় রাজবংশী কিনেছেন।”

হৃদয় রাজবংশী বলেন, “আমার বন্ধুর জন্য আমি ৯ কেজির বোয়াল ১২ হাজার টাকায় কিনেছি। মাছে হালকা দাগ ছিল, তাই দাম কম গেছে।”

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, হরিরামপুরে পদ্মায় মাঝে মধ্যেই বড় বড় বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পড়ে। একটি বোয়াল ১২ হাজারে বিক্রি হয়েছে বলে শুনেছি।