২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি শান্তি-স্বস্তির দেশ গড়বে: রিজভী

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 06:55 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

আগামী দিনে বিএনপি শান্তি ও স্বস্তির দেশ গড়বে বলে মন্তব্য করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “আমরা যে দেশ গড়ব, সে দেশ হবে শান্তির-স্বস্তির। সে দেশ হবে একটি ভদ্র সমাজ নির্মাণ করার। সে সমাজে যে কেউ মুক্তভাবে কথা বলবে। প্রত্যেকের কণ্ঠে স্বাধীনতা থাকবে। প্রত্যেকের মতবাদ প্রকাশ করার স্বাধীনতা থাকবে। সেই প্রত্যয়, সেই অঙ্গীকার নিয়ে আমরা নতুন করে দেশ গড়ব।”

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহরের লোকনাথ দীঘির পাড়ে অনুষ্ঠানটি হয়।

অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুইঁয়া বলেন, “এখন হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলছে। পিআর পদ্ধতি কি? কোনো জনগণ বলতে পারবে? এটি কি নারকেল তেলের মত মাথায় মাখে, নাকি সাবানের মতো শরীরে দেয়? গ্রামের মানুষ, এদেশের সাধারণ মানুষ কি বলতে পারবে? 

“এটার কোনো দৃষ্টান্ত নেই। এটা তো কখনো ব্যবহার করা হয়নি। পিআর পদ্ধতি হলে দুই মাস পরপর সরকার বদল হবে।”

বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের দলনেতা হাফিজুর রহমান মোল্লা কচি, সহসভাপতি গোলাম সারোয়ার খোকন, এ বি এম মমিনুল হক, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আলী আজম, শফিকুল ইসলাম, আনিছুর রহমান মঞ্জু, তরিকুল ইসলাম রুমা, আসাদুজ্জামান শাহীন।