গোপালগঞ্জে প্রাক বড়দিনের খাবার খেয়ে দেড় শতাধিক শিশু-কিশোর হাসপাতালে
বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়া শতাধিক শিশু-কিশোরকে হাসপাতালে আমাদের সংস্থার খরচে চিকিৎসার ব্যবস্থা করেছি, বলেন চার্চের প্রকল্প ব্যবস্থাপক।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাক-বড়দিনের অনুষ্ঠানের খাবার খেয়ে দেড় শতাধিক শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সোমবার দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের চার্চ অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানের বিরিয়ানি খেয়ে শিশু-কিশোররা অসুস্থ হয়ে পড়ে বলে চার্চের প্রকল্প ব্যবস্থাপক রিপন কুন্দা স্বীকার করেছেন।
সর্বশেষ রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১৫০ শিশু-কিশোরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানিয়েছেন।
ধারাবাশাইল গ্রামের অসুস্থ কিশোরী ইস্টিলা রায় (১১) বলে, চার্চে সকাল থেকে ৩২০ শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দুপুরের খাবারে প্যাকেট বিরিয়ানি দেওয়া হয়।
বিরিয়ানির প্যাকেট বাড়িতে এনে খাওয়ার পর সন্ধ্যার দিকে তার বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে স্বজনরা তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
বিপুল রায়ের স্ত্রী সাথী রায় বলেন, “আমার চার মেয়ে সকালে চার্চের প্রাক-বড়দিনের অনুষ্ঠানে যোগ দেয়।
“বিকাল সাড়ে ৩টার দিকে তারা ওই প্রতিষ্ঠানের দেওয়া বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি আসে। বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণ পর থেকে তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এরপর তাদের কোটালীপাড়া উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসি। এখানে ভর্তি করে চার মেয়ের চিকিৎসা চলছে।”
ওই চার্চের প্রকল্প ব্যবস্থাপক রিপন কুন্দা বলেন, “আমাদের সংস্থার তালিকাভুক্ত ৩২০ শিশু-কিশোরকে নিয়ে প্রাক-বড়দিনের অনুষ্ঠান করি। স্থানীয় ধারাবাশাইল বাজারের গোবিন্দ বোসের হোটেল থেকে বিরিয়ানির প্যাকেট কিনে শিশু-কিশোরদের দুপুরের খাবার দেওয়া হয়। এই বিরিয়ানি খেয়ে শতাধিক শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়ে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আমাদের সংস্থার খরচে চিকিৎসার ব্যবস্থা করেছি।”
এ বিষয়ে জানতে খাবার সরবরাহকারী ধারাবাশাইল বাজারের হোটেল ব্যবসায়ী গোবিন্দ বোসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, “হাসপাতালে বমি ও পাতলা পায়খানাজনিত সম্যসা নিয়ে শিশু-কিশোররা সন্ধ্যা থেকে আসতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর চাপ বাড়তে থাকে।
“আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, খাদ্যে বিষক্রিয়ায় এরা অসুস্থ হয়ে পড়েছে। সাধ্যমত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ১৫০ শিশু-কিশোরকে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।”
