১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দোকান খুলতেই বিশাল অজগর, বাজারজুড়ে আতঙ্ক

বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান কর্মকর্তা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 05:25 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দোকানের ভেতর থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। 

সোমবার সকালে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও কমিউনিটি পেট্রোল গ্রুপ-সিপিজির সদস্যরা সাপটি উদ্ধার করেন।

বনবিভাগের কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, নীলডুমুর বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন তার দোকান খুলতেই বিশাল অজগর সাপটি দেখতে পান। মুহূর্তেই সেই খবর ছড়িয়ে পড়লে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লোকজন বনবিভাগকে খবর দেয়। 

তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে আসে। অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।” 

বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান কর্মকর্তা।