১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে মানুষ-পশুর ওপর শিয়ালের আক্রমণ, তিনটিকে পিটিয়ে মারল গ্রামবাসী

শিয়ালের আক্রমণে অন্তত ২০ জন আহত হয়েছে বলে দাবি এলাকাবাসীর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 08:57 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুই দিন ধরে মানুষ ও গবাদিপশুর ওপর শিয়ালের আক্রমণের ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলার চাপাইর ইউনিয়নের ঢুলিগড়া ও ভাল্লুকবের এলাকায় এ ঘটনার পর গ্রামবাসী তিনটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেছেন।

বৃহস্পতিবার শিয়ালের কামড়ে আহত কয়েকজন চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন বলে জানান কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসনিম জাহান মুনমুন।

এলাকাবাসী জানান, বুধবার বিকালে গ্রামের বিভিন্ন স্থানে কয়েকটি শিয়াল ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সেগুলো গবাদিপশুর ওপর আক্রমণ শুরু করে। বৃহস্পতিবার সকালে শিয়ালগুলো সড়ক ও আশপাশের এলাকায় পথচারী ও কর্মজীবী মানুষের ওপরও আক্রমণ চালায়।

এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দলবদ্ধ হয়ে শিয়ালগুলোকে তাড়া করেন। একপর্যায়ে তিনটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেন তারা।

ঢুলিগড়া গ্রামের বাসিন্দা সুকুমার বর্মণ বলেন, সকালে কয়েকজন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঝোপ থেকে একটি শিয়াল বের হয়ে তাদের ওপর আক্রমণ চালায়। এতে দুজন আহত হন।

একই গ্রামের বাসিন্দা আলমাস মিয়া বলেন, সকালে একটি শিয়াল একটি গরুকে আক্রমণ করে। তিনি লাঠি নিয়ে শিয়ালটিকে তাড়াতে গেলে সেটি তার দিকে তেড়ে আসে। পরে তিনি সেখান থেকে পালিয়ে যান।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসনিম জাহান মুনমুন বলেন, শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পর্যাপ্ত টিকা মজুত আছে। আহতদের চিকিৎসাও দেওয়া হচ্ছে।