ভোলায় পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
সবার অগোচরে হাবিবা ও হালিমা পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায় বলে জানান স্বজনরা।
ভোলা সদর উপজেলায় পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মনির হোসেন মিঞা।
নিহত হাবিবা আক্তার (৫) ও হালিমা বেগম (৮) ওই গ্রামের মো. শফিক মাতব্বরের মেয়ে।
শিশুদের চাচা তানজিল আহমেদ তানহা বলেন, দুপুর ১টার দিকে বাড়ির সবার অগোচরে হাবিবা ও হালিমা পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খুঁজতে থাকেন স্বজনরা।
“খোঁজাখুঁজির এক পর্যায়ে হাবিবার জুতা পুকুরে ভাসছে দেখেন প্রতিবেশী ইয়ানুর। পরে স্বজনরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। তাদের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মনির হোসেন।
