২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা হারালেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাইলটের মা মারা যান।

মা হারালেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ
মায়ের সঙ্গে খালেদ মাসুদ পাইলট।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 04:08 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম আর নেই। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খালেদ মাসুদ পাইলট নিজ ফেইসবুকে দেওয়া স্ট্যাটাসে তার মায়ের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

৭২ বছর বয়সি নার্গিস আরা বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন। তিন ছেলে-মেয়ে নিয়ে তিনি নগরীর সাগরপাড়া এলাকায় বসবাস করতেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, নার্গিস আরা বেগমের উচ্চ রক্তচাপ ছিল। শরীরে লবণের সংকট ছিল। এ ছাড়া তিনি হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন। 

শারীরিক নানা জটিলতা নিয়ে সোমবার নার্গিস আরাকে আইসিইউতে ভর্তি করা হয়; আর মঙ্গলবার বেলা ১১টার দিকে মারা যান বলে জানান তিনি।

খালেদ মাসুদ পাইলট তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে ফেইসবুকে দেওয়া পোস্টে দোয়া চেয়েছেন।

মঙ্গলবার এশার নামাজের পর নগরীর টিকাপাড়া কবরস্থান মাঠে জানাজা শেষে লাশ দাফন করা হবে বলে তিনি জানিয়েছেন।

খালেদ মাসুদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। 

তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।