মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় দম্পতি নিহত
“অসুস্থ নাতনিকে দেখতে গিয়ে আমার মেয়ে আর তার মেয়ে জামাই দুজনই লাশ হয়ে ফিরল।”
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার আরোহী দুজন নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছে আরও তিন জন। বাসসহ চালককে আটক করেছে পুলিশ।
উপজেলার আনারপুরা এলাকায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শওকত হোসেন জানান।
নিহতরা হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার দঁড়ি লুটেরচর গ্রামের বাসিন্দা ৬৫ বছর বয়সী বিল্লাল হোসেন ও তার স্ত্রী ৫০ বছর বয়সী আলেমা বেগম।
আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নিহত বিল্লাল হোসেনের ছেলের বউ অঞ্জনা বেগম (২৩) ও নাতনি আনিশা (৪)।
আরেকজন পেশায় অটোরিকশা চালক এবং বয়স ৪০ বছর বলে জানা গেছে।
পুলিশ বলছে, বিল্লাল হোসেনের মেয়ে রত্না আক্তারের ঘরে জ্বরে আক্রান্ত নাতনিকে দেখতে অটোরিকশায় করে সপরিবারে আনারপুরা গ্রামে যাচ্ছিলেন। পথে আনারপুরা বাসস্ট্যান্ড এলাকায় ইউটার্ন নেওয়ার সময় মতলব থেকে ঢাকাগামী ‘মতলব পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় অটোরিকশা চালক বিল্লাল ও তার স্ত্রী আলেমা বেগমসহ পাঁচ জন গুরুতর আহত হন।
স্থানীরা তাদের উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
ঢাকা নেওয়ার পথে বেলা ১১টার দিকে আলেমা ও হাসপাতালে নেওয়া পরে বিল্লালের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাস চালক কাউসার হোসেনকে (২৫) বাসসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
নিহত আলেমার মামা নজরুল ইসলাম বলেন, “অসুস্থ নাতনিকে দেখতে গিয়ে আমার মেয়ে আর তার মেয়ে জামাই দুজনই লাশ হয়ে ফিরল। তাদের মরদেহ মেঘনার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।”
ওসি শওকত হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত অটোরিকশা এবং বাস পুলিশ হেফাজতে রয়েছে। বাসের চালক কাউসার হোসেনকে জেল হাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
