বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি চালু
বুধবার বন্দর থেকে পণ্য খালাসের পর ৬৪৯টি ট্রাক দেশের অভ্যন্তরে গেছে।
যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি চালু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২৬৬ ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়েছে বলে বন্দর পরিচালক জানিয়েছেন।
ছাত্র আন্দোলনের কারণে নৈরাজ্য পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনায় রেখে ভারতীয়রা শনিবার থেকে পণ্য রপ্তানি বন্ধ করে দেয় বলে জানান বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
বাণিজ্য শুরু করা যায় কিনা, তা নিয়ে আলোচনা করতে বুধবার বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় দু’দেশের বন্দর কর্তৃপক্ষ বৈঠক করেন।
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, “বৈঠকে বেনাপোল বন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে, পণ্য নিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের মাল দ্রুত নামানোর ব্যবস্থা করতে। তারপর আমরা রপ্তানি চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।”
বেনাপোল বন্দর কর্তৃপক্ষ বুধবার পণ্য খালাসের পর ১৮৫টি খালি ট্রাক সেদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে।
কার্তিক চক্রবর্তী জানান, বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় পেট্রাপোলে সেন্ট্রাল ওয়্যার হাউজ করপোরেশনের ট্রাক পার্কিংয়ে প্রায় ৬০০ ট্রাক পণ্য নিয়ে দাঁড়িয়ে আছে। একদিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলে প্রায় ১১৫ কোটি বিদেশি মুদ্রা আয় থেকে ভারত সরকার বঞ্চিত হয়।
বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বলেন, “বুধবার বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় দু’দেশের বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি চালু হয়েছে।”
বৈঠক শেষে বুধবার বেনাপোল বন্দরে পণ্য খালাসের পর ১৮৫টি ভারতীয় খালি ট্রাক দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার মোট ৩০৪ ট্রাক পণ্য বাংলাদেশে আমদানি এবং ১৬৪ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে।
বুধবার বন্দর থেকে পণ্য খালাসের পর ৬৪৯টি ট্রাক দেশের অভ্যন্তরে গেছে। আজ আরও বেশি ট্রাক আমদানি পণ্য নিয়ে দেশের অভ্যন্তরে যাবে বলে জানান এই বন্দর পরিচালক।
