সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারত
এ সময় বিএসএফ, বিজিবির কর্মকর্তা ছাড়াও দুই দেশের পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তের ওপারে ভারতের ভাগীরথী নদী থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি যুবকের মরদেহ ভেতর দিয়েছে ভারত।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান শনিবার বলেন, সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত দিয়ে শুক্রবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত দিয়েছে ভারত।
এ সময় বিএসএফ, বিজিবির কর্মকর্তা ছাড়াও দুই দেশের পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নিহত তসিকুল ইসলাম (৩২) সদর উপজেলার বাখের আলী গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে।
মরদেহ গ্রহণ করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ বলেন, “তসিকুলের ডান কাঁধ থেকে বুকে ছররা গুলির চিহ্ন রয়েছে।”
তবে কার (বাহিনী বা ব্যক্তি) গুলিতে তসিকুলের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করা যায়নি। রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক হয়।
স্থানীয়রা বলেন, বুধবার ভাগিরথী নদী থেকে তসিকুলের মরদেহ উদ্ধার করে ভারতের পুলিশ। কয়েকদিন আগে তসিকুল কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানোর উদ্দেশে ভারতে যান। পরে বিজিবির মাধ্যমে বিএসএফের কাছে লাশ ফেরতের আবেদন করে পরিবার।
