আগের ডিসি ‘গাদ্দারি’ করেছেন, তাই বদলি করে দিয়েছি: কুষ্টিয়ার বিএনপি নেতা
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন কুষ্টিয়া-৪ আসনে পরাজিত বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ; যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
কুষ্টিয়ার আগের জেলা প্রশাসক-ডিসিকে ‘ইচ্ছা করেই বদলি করে দিয়েছি’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৪ আসনে বিএনপির পরাজিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এ ছাড়া তিনি সেই ডিসিকে ‘গাদ্দারও’ বলেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এ বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানের সভাপতি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসান।
বিএনপি নেতার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়েছে; যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির পরাজয়ের কারণ হিসেবে দায়িত্বপালনে থাকা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইকবাল হোসেনের ওপর দায় চাপান রুমী।
দুই মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে রুমী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি তিন তিন বার সংসদ সদস্য ছিলাম। কিন্তু দাওয়াত পাওয়ার অধিকার আমাদের নেই। গত নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের কিছু গাদ্দার ও আমাদের দলের কিছু গাদ্দার মিলে আমাকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছে। আমি এক লাখ ৪০ হাজার ভোট পেয়েছি।”
সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপি প্রার্থী বলেন, “৬০ বছর ধরে রাজনীতি করি, ৭৩ বছর বয়স আমার। মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছি। অনেকেই আছেন নামে মুক্তিযোদ্ধা, কিন্তু কোনো ভূমিকা পালন করেননি। এ রকম বহু লোককে চিনি আমরা। আমাদের জন্ম এই কুষ্টিয়া শহরে। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, তখন এখানে উপস্থিত অনেকেরই জন্ম হয়নি।”
নির্বাচনকালীন জেলা প্রশাসকের ভূমিকা টেনে রুমী বলেন, “কুষ্টিয়ার আগের জেলা প্রশাসক (ইকবাল হোসেন) গাদ্দারি করেছেন নির্বাচনের সময়। উনি গাদ্দারি করেছেন, কুমারখালী প্রশাসন গাদ্দারি করেছে, খোকসা প্রশাসন গাদ্দারি করেছে। আমি এক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হতাম।
“কিন্তু সেটা হতে দেয়নি। জানি না আমার অপরাধ কী। আমরা একটু কথা বলি, সত্য বলার চেষ্টা করি, এটাই আমার অপরাধ। আমি নির্বাচনে ভোট গণনার জন্য হাইকোর্টে মামলা করেছি। হাইকোর্ট গ্রহণ করেছে। ২৪ জুন শুনানি আছে। আমার বিশ্বাস, ভোট পুনঃগণনা হবে। আমি বিজয়ী হব, হব, হব ইনশাআল্লাহ।”
বক্তব্যের শেষ দিকে রুমি বলেন, “আগের জেলা প্রশাসক সাহেবকে আমরা ইচ্ছা করেই বদলি করে দিয়েছি। কারণ, গভর্নমেন্ট আমাদের তো। আমি একজন সিনিয়র লোক, ৭৩ বছর বয়স। উনি (জেলা প্রশাসক) এ রকম কাজ করবেন, বুঝতে পারিনি। বুঝতে পারলে আমরা আগেই ব্যবস্থা নিতাম।”
কুষ্টিয়া জেলা শিল্পকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার জসীম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকুসহ বীর মুক্তিযোদ্ধারা আরও বক্তব্য দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি। তবে এ আসনে তিনি ছাড়াও আরও দুই বিএনপি নেতা মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
নির্বাচনে বিএনপি প্রার্থী রুমীকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন জামায়াত সমর্থিত প্রার্থী আফজাল হোসেন।
