২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলেছেন আসাদুজ্জামান।

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী
ঝিনাইদহের শৈলকুপায় খালখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 09:52 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনও সম্পর্ক নেই বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, “জুলাই সনদ থাকা না থাকার উপর গণভোট থাকা না থাকা নির্ভর করে না। জুলাই সনদ নিজেই সতন্ত্র সক্রিয় ও কার্যকর। ছাত্র-জনতার রক্তের আখরে লেখা সনদ জুলাই সনদ।

“গণভোট বাতিল হওয়া না হওয়ার উপর নির্ভর জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই।”

শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, “জুলাই সনদ কার্যকর করবে পার্লামেন্ট। বিএনপি তার চেতনা ও হৃদয়ে জুলাই সনদ ধারণ করে।”

জ্বালানি তেল মজুদ ও কালোবাজারি সঙ্গে জড়িতদের সতর্ক করে আসাদুজ্জামান বলেন, তেলের দাম বৃদ্ধি করা হয়নি। যদি কেউ তেল নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র ও কালোবাজারি করে, তাহলে বিশেষ ক্ষমতা আইনে বিচার করা হবে।

এ আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বলে হুঁশিয়ার করেছেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশকে বাঁচাতে হলে খাল, নদী খনন ও দখলদার উচ্ছেদের বিকল্প নেই। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন খাল, জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি নেতারা বক্তব্য দেন।