গাজীপুরে পানিতে ডুবে শিশু ও নির্মাণ শ্রমিকের মৃত্যু
পুকুরে গোসল করতে নেমে নির্মাণ শ্রমিক এবং বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে শিশুর প্রাণ গেছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে এক নির্মাণ শ্রমিক এবং বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে এবং বেলা ১১টার দিকে পৌর এলাকার বাঘমারা কলেজপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এলাকার পুলিশ।
নিহতরা হলেন- তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মো. হাসেন আলীর ছেলে নির্মাণ শ্রমিক মো. মাজহারুল ইসলাম (২৫) এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার মো. তরিকুল ইসলামের ছেলে মো. তাহমিদ।
মাজহারুলের সহকর্মী মামুন বলেন, “বাঁশবাড়ী গ্রামের একটি রাস্তা নির্মাণ করতে আসেন তারা। কাজের এক পর্যায়ে গরমে অতিষ্ঠ হয়ে বেলা সাড়ে ১১টার দিকে মাজহারুল আমাকে নিয়ে রাস্তার পাশে একটি পুকুরে গোসল করতে যান।
“মাজহারুল আগে পুকুরে নেমে গোসল শুরু করেন। এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে থাকি। তাকে না পেয়ে স্থানীয়দের ঘটনাটি জানাই।”
মাজহারুলের বাবা হাসেন আলী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মৃত্যুর কথা জানাতে পারি। ছেলের রোজগারে আমাদের সংসার চলত। মাজহারুলের আট মাস বয়সী একটি ছেলে রয়েছে।”
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে; এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু মোল্লা।
অপরদিকে বাড়ির পাশে ডোবায় জমে থাকা পানিতে ডুবে তাহমিদের মৃত্যু হয়েছে। শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে শহরের কলেজপাড়া এলাকায় একটি বাড়িতে বসবাস করত।
স্বজনদের বরাত দিয়ে স্থানীয় আবু রায়হান বলেন, “বেলা ১১টার দিকে তাহমিদ বাড়ির উঠানে বড় বোনের সঙ্গে খেলা করছিল। এ সময় তার মা কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ তাহমিদের কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি আশপাশে খোঁজ করতে থাকেন।
“খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে জমির গর্তে জমে থাকা পানিতে তাহমিদকে দেখতে পান। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বলে জানান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আতাউল।
শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, “ঘটনাটি কেউ থানায় জানায়নি। খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
