Published : 17 Apr 2026, 08:03 PM
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পাহাড় কাটার অভিযোগে পোল্ট্রি খামারের এক কর্মচারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত পাঁচটি ট্রাক জব্দ এবং প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. তানজিল কবির।
অভিযানে দেখা যায়, পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের উদ্যোগে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি ও ভরাটের কার্যক্রম চলছিল। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসানের প্রসিকিউশনের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেলে ঘটনাস্থলে উপস্থিত প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মো. ফারুক হোসেনকে এক লাখ টাকা জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সেইসঙ্গে শ্রমিক মো. উসমান গণিকে সাত দিনের কারাদন্ড দেওয়া হয়।
এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত পাঁচটি ট্রাক জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী হাকিম তানজিল কবির বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ অবৈধ এবং এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।