২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসির বদলি: কুষ্টিয়ায় পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তেজনা

“আমরা অবিলম্বে কেবিনেট বিভাগের এ সিদ্ধান্ত বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানাই।”

ডিসির বদলি: কুষ্টিয়ায় পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তেজনা
ডিসিকে কুষ্টিয়ায় বহাল রাখা এবং প্রত্যাহার আদেশ বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসন ভবন চত্বরে কর্মসূচি পালন করা হয়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 06:59 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

কুষ্টিয়ায় জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি চলছে।

প্রত্যাহার আদেশ বাতিল করে ডিসিকে কুষ্টিয়ায় বহাল রাখা এবং প্রত্যাহার আদেশ বাস্তবায়নের দাবিতে দুপক্ষ তৃতীয় দিনের মত মঙ্গলবারও জেলা প্রশাসন ভবন চত্বরে কর্মসূচি পালন করেন।

‘২৪-এর জুলাই আন্দোলনের যোদ্ধা’ ও ‘সর্বস্তরের সাধারণ জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দাবি, রোববার জারি করা ডিসি প্রত্যাহারের আদেশ বাতিল করতে হবে।

অপরদিকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারি কর্মকর্তার বদলিকে স্বাভাবিক বর্ণনা করে আদেশ বাস্তবায়নের দাবি করেছেন। 

ডিসির প্রত্যাহার আদেশ বাতিল ও স্বপদে বহাল দাবিতে আন্দোলরতদের সংগঠক আলি মুজাহিদের দাবি, “কুষ্টিয়াবাসী একজন মানবিক ও দায়িত্বশীল ডিসি পেয়েছিল। কিন্তু তার ‘নীতিগত অবস্থানের’ কারণে কিছু স্বার্থান্বেষী মহলের ‘বিরাগভাজন হয়ে’ মাত্র তিন মাসের মাথায় তাকে প্রত্যাহার করা হয়েছে।

“আমরা অবিলম্বে কেবিনেট বিভাগের এ সিদ্ধান্ত বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানাই।”

দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন তিনি।

অন্যদিকে এ বিক্ষোভের প্রতিবাদে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। তারা ডিসি বদলির বিষয়টিকে কেন্দ্র করে চলমান কর্মসূচিকে ‘মব সৃষ্টির চেষ্টা’ বলে অভিযোগ করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ বলেন, “সরকারি কর্মচারি-কর্মকর্তাদের চাকরিই হল বদলির চাকরি। আজ এখানে আছেন কাল অন্য কোথাও যোগ দেবেন এটাই স্বাভাবিক। অথচ একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃত্বে প্রকৃত পরিচয় গোপন করে নানা ধরনের নামের ব্যানার ব্যবহার করে একের পর এক নিজেদের শক্তি প্রদর্শন করে যাচ্ছেন।

“রাষ্ট্রের আইন-কানুন বিধি-বিধান তুচ্ছ জ্ঞান করে নারী-পুরুষের সমাবেশ ঘটিয়ে সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তারা যে অবস্থান নিয়েছেন, শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের এই আচরণকে কঠোর হস্তে দমন করার দাবি করছি।” 

তবে এই আন্দালনকে দলীয় আন্দোলন হিসেবে মানতে নারাজ কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য জামায়াত নেতা আমির হামজা।

তিনি বলছেন, “এটাকে কোনো বিশেষ একটি দলীয় হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এখানে একেবারে তৃণমূল পর্যায়ের নারী-পুরুষ তারা তাদের ভালো-মন্দ সুবিধা-অসুবিধার দাবি নিয়ে আসতেই পারেন। সেখানে দলীয় সংকীর্ণতার উর্দ্ধে উঠে তাদের দাবিকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করি।

“ডিসি সাহেবদের চাকরি বদলির চাকরি সেটা যেমন স্বাভাবিক; একইভাবে কোনো ডিসি যদি জনকল্যাণে তার কার্যক্রম দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন সেটাও গুরুত্বসহকারে দেখা উচিত জেলাবাসীর কল্যাণ ও সুশাসনের স্বার্থে।”

আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার বলেন, “ডিসি বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটিকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা উদ্বেগজনক।”

এ বিষয়ে মন্তব্য জানতে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের মোবাইলে ফোন করলেও তিনি ধরেননি। পরে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।