Published : 15 Jul 2026, 04:24 PM
নেত্রকোণার কেন্দুয়ায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা আড়াইটার দিকে নওপাড়া ইউনিয়নে বহুলী গ্রামের বাড়ির সামনের একটি পুকুর থেকে লাশটি ভাসমান অ্স্থায় উদ্ধার করা হয় বলে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান।
নিহত জুনায়েদ আহমেদ উপজেলার বহুলী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ওসি তরিকুল বলেন, “মঙ্গলবার বেলা ২টার দিকে জুনায়েদ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
“সকালে বাড়ির সামনের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত চলছে বলে জানান তিনি।