Published : 23 Jan 2026, 10:46 PM
ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়ে বলে ব্যাংকের একজন কর্মী ও পুলিশ জানিয়েছে।
আগুনে কার্যালয়ের আসবাবপত্র ও নথি পুড়ে গেছে।
গ্রামীণ ব্যাংক গৌরীপুর শাখার মাঠ কর্মকর্তা রহিমা খাতুন বলেছেন, ব্যাংক শাখার পাশেই তার বাসা। হঠাৎ জানালা দিয়ে ব্যাংকের ভেতরে আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় তিনি দেখতে পান, ব্যাংকের জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজনকে ডেকে বালি ও পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। ফোন পেয়ে দ্রুত ব্যাংকে আসেন।

তিনি বলেন, “শুনেছি জানালাটি ভাঙা ছিল। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না। থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”
গৌরীপুর থানার ওসি কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সরেজমিনে তদন্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ওসি বলেন, শাখা ব্যবস্থাপক একটি অভিযোগ দিয়েছেন। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।