১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরগুনায় ছিনতাইকারীর কবলে ভিক্ষুক, খোয়ালেন দুল-নাকফুল

ছিনতাইকারীদের চিহ্নিত করতে পৌর শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ভিডিও পর্যালোচনা করার কথা বলেছে পুলিশ।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 09:23 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

বরগুনার পাথরঘাটা উপজেলায় এক বৃদ্ধা ভিক্ষুক ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারীরা তার কানের দুল ও নাকফুল ছিনিয়ে নেয়। এতে তার কানের লতি ছিঁড়ে গেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কে এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে বলে জানান পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আমিন সোহেল।

ছিনতাইকারীদের চিহ্নিত করতে পৌর শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ভিডিও পর্যালোচনা করার কথা বলেছেন পাথরঘাটা থানার ওসি মাংচেনলা। 

ছিনতাইয়ের শিকার ভিক্ষুক রাবেয়া বেগম উপজেলার কাটাখাল এলাকায় একটি গুচ্ছগ্রামে (সরকারি আবাসনে) বসবাস করেন। তিনি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাবেয়া বেগম সাংবাদিকদের জানান, তিনি পৌর শহরের মানুষের কাছ থেকে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। সকালে বিদ্যালয় এলাকায় ভিক্ষা করার সময় ছিনতাইকারীরা তার নাকফুল এবং কানের দুল ছিনিয়ে নেয়। এতে তার কানের লতি ছিঁড়ে গেছে।

সাংবাদিক আমিন সোহেল বলেন, “রক্তাক্ত অবস্থায় ওই ভিক্ষুক আমার কাছে এসে তার নাকের নোলক ও কানের দুল ছিনতাইয়ের ঘটনা জানান। পরে আমি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এ ছাড়া ঘটনাটি পুলিশকেও জানিয়েছি।”

ভিক্ষুক রাবেয়া বেগম বলেন, “আমার কানের দুল ও নাকের নোলক ফেরত চাই। আপনারা ব্যবস্থা করে দিন।”

ওসি মাংচেনলা বলেন, ঘটনাটি এক সাংবাদিকের কাছ থেকে শোনার পর ছিনতাইকারীদের ধরতে চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।