১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুনের দাগ

শহরের পিটিআই রোডের গ্রামীণ ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সাইনবোর্ডে আগুনের দাগ দেখা গেছে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 10:09 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সাইনবোর্ডে আগুনের দাগ দেখা গেছে।  

শহরের পিটিআই রোডের গ্রামীণ ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সাইনবোর্ডে আগুনের দাগ দেখা গেছে বলে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান।

গ্রামীণ ব্যাংকের শাখা কর্মকর্তা বিপ্লব দাস বলেন, তিনি শনিবার রাতে ব্যাংকের ভেতরেই ছিলেন। রাত ১২টার পর ঘুমিয়ে পড়েন। আগুনের বিষয়ে তিনি কিছুই টের পাননি। রোববার সকালে উঠে কাজে চলে যান। পরে এক সহকর্মী মোবাইল ফোনে তাকে সাইনবোর্ডে আগুনের দাগের বিষয়টি জানান।

সকালে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক শাখায় গিয়ে দেখা যায়, চারতলা ভবনের নিচতলায় কার্যালয়। সেখানকার সাইনবোর্ডের নিচের অংশে পোড়া দাগ। 

তবে আগুন দেওয়ার ব্যাপারে ভবন মালিক কিংবা ভাড়াটেরা কেউ কিছু দেখেননি বলে জানান। পরে দুপুরে ওই কার্যালয়ে গিয়ে আর কাউকে পাওয়া যায়নি। 

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, “গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে পুলিশ সেখানে তেমন উল্লেখযোগ্য কোনো আগুনের আলামত পায়নি। শুধু সাইনবোর্ডে কালো ধোঁয়ার চিহ্ন রয়েছে। এ বিষয়ে কেউই কিছু বলতে পারছে না। 

“গত রাতে রাস্তায় টায়ারে আগুন দেওয়া হয়েছিল, তার কিছু ধোঁয়া লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে দেখবে।”

শুক্রবার ভোরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। ঘটনাস্থল থেকে এক বোতল পেট্রোল উদ্ধার করে পুলিশ।