গাইবান্ধায় ট্রাকচাপায় ব্যাটারির রিকশার ২ যাত্রী নিহত
রংপুরের দিকে যাওয়া একটি ট্রাক বিপরীত দিকের ব্যাটারির রিকশাকে চাপা দেয়, বলছে পুলিশ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় ব্যাটারির রিকশার দুই যাত্রীর প্রাণ গেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জের পান্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দুজন হলেন- হামিদুল ইসলাম (৩৫) ও রকি মিয়া (২৮)। হামিদ দিনাজপুরের ঘোড়াঘাটের চাম্পাতলী এলাকার ইনছার আলীর ছেলে। আর রকি একই এলাকার নবাব আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, রংপুরের দিকে যাওয়া একটি ট্রাক বিপরীত দিকের ব্যাটারির রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন দুজন।
ট্রাক জব্দের তথ্য দিয়ে ওসি বলেন, এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
