২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সাভারে চোর সন্দেহে পিটুনিতে একজন নিহত, ৩ জনকে পুলিশে

“রাজালাখ ফার্মের কাছে ভোরে চোর সন্দেহ চারজনকে আটক করে জনতা।”

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 09:58 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

ঢাকার সাভারে চোর সন্দেহে পিটুনিতে একজন নিহত হয়েছে। আহত অবস্থায় তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় লোকজন।

মঙ্গলবার ভোরে সাভার পৌর এলাকার রাজালাখ ফার্মের কাছে এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার ওসি আতিকুর রহমান আতিক জানান।

নিহত ৫০ বছর বয়সী মজিবর রহমান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার উথলী ইউনিয়নের ধূসর গ্রামের বাসিন্দা। তিনি সাভার পৌর এলাকার আড়াপাড়া এলাকায় থাকতেন।

আটকরা সবাই কিশোর। তাদের বয়স যথাক্রমে ১৫ থেকে ১৭ বছর। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আতিকুর রহমান বলেন, “রাজালাখ ফার্মের কাছে ভোরে চোর সন্দেহ চারজনকে আটক করে জনতা। পরে তাদেরকে পিটুনি দিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

“এ সময় একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। পরে আহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।