২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা, শেরপুর সীমান্তে আটক ২৪

আটকরা পাচারকারীদের সহায়তায় জনপ্রতি পাঁচ হাজার টাকা করে দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে ভাষ্য বিজিবির।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 06:25 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশের সময় ২৪ জনকে আটক করা হয়েছে; যাদের মধ্যে পাচারকারী দলের সদস্যরাও আছেন বলে ভাষ্য বিজিবির।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম বিওপির সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ময়মনসিংহ-৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. মজিবুর রহমান (২৫), শাহরিয়ার ইমন (২১), ওয়াহিদ (৩৮), মো. কুরবান আলী (৪৫), মো. মিঠুন আলী (২৭), জয়নুল হোসেন (৩০), ইব্রাহীম (৩৩), আখতারুল (২৯), মো. মাহাবুর (৪৭), মো. শাকিল (২৯), মো. তারিফ (২৭), মো. মামুন (৪০), আসমাউল (১৮), ইয়াকুব আলী (৩০), রাজশাহী জেলার তৌফিক ওমর (২৩), মো. আকবর (২৯), বিপ্লব হোসেন (১৯) এবং নাটোর জেলার মো. রতন আলী (৩৮)।

আটকদের মধ্যে চারজন অটোরিকশা চালক। তারা হলেন- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৪০), মো. ফারুক (৪০), ইমন (২০) এবং সোলাইমান (৪০)।

পাচারকারী সন্দেহে আটকরা হলেন- নালিতাবাড়ী উপজেলার মজনু মিয়া (৩৬) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার মিলন হক (৩৫)।

মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন খবর পেয়ে রাতে হলদীগ্রাম বিওপির টহল দল চারটি অটোরিকশার চালকসহ ২৪ জনকে আটক করে। তারা দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

অভিযানে চারটি অটোরিকশা, ১৪টি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক, একটি হাতঘড়ি এবং ৫৪ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে বিজিবি জানায়, নালিতাবাড়ী উপজেলার এক যুবকের সহায়তায় তারা জনপ্রতি পাঁচ হাজার টাকা করে দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। তাদের মধ্যে ১৮ জন রাজমিস্ত্রি; তারা শ্রমিক হিসেবে ভারতের চেন্নাই শহরে যাচ্ছিলেন।

পাচারকারী সন্দেহে আটক দুইজনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে ঝিনাইগাতী থানায় মামলা করা হয়েছে বলে জানায় বিজিবি।

এ ছাড়া বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে ২২ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে বিজিবি।