২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়াসহ ৪ দাবি আন্দোলকারীদের

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2024, 08:42 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

হল খুলে দেওয়াসহ চারটি দাবি জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের সমন্বয়ক ও শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ। 

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলার চত্বরে সংবাদ সম্মেলন করেন তারা।

সারা দেশে আন্দোলনকারীদের দাবির পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে তাদের চার দফা দাবি রয়েছে বলে জানান শুভ। 

দাবি তুলে ধরেন আরেক সমন্বয়ক মাহমুদুল হাসান সজিব।

দাবিগুলো হল- অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া; বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার সাধারণ জনগণকে কোনো ধরনের মামলা বা হয়রানি না করা; শিক্ষার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের হয়রানি না করা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ও ক্যাম্পাস খোলার পর নিরাপদ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজয় বিশ্বাস শুভ। 

তিনি বলেন, “চলমান কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী যে আন্দোলন চলছে, তারই ধারাবাহিকতায় আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বড় সময় ধরে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা কী ভাবছি, সে বিষয়ে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে আমাদের মতবিনিময় হওয়া দরকার।” 

লিখিত বক্তব্যে তিনি বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি।  আমাদের যৌক্তিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে আদালত কোটা সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সরকারের নির্বাহী বিভাগ তা অনুসরণ করে প্রজ্ঞাপন জারি করেছে। 

শুভ বলেন, “আমরা বরাবরই শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন করে আসছিলাম। কিন্তু আন্দোলন চলাকালীন দেশব্যাপী নানা অনাকাঙিক্ষত ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক ভাই-বোন আহত ও নিহত হয়েছেন।”

সুজয় বিশ্বাস আরও বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কারো অসৎ উদ্দেশ্যে সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে চাইনি। নির্বাহী বিভাগ আমাদের কোটা সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে যে সমাধান করেছে, আমরা মনে করি, তাতে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে।” 

পরে সুজয় শুভ বলেন, “নির্বাহী বিভাগ কোটা সংস্কারের দাবি মেনে নিয়ে গেজেট প্রকাশ করেছে। আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী।” 

তাদের দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, “এ মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ ও নানা বাস্তবতায় আমাদের কোনো কর্মসূচি নেই। সারাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পরবর্তী করণীয় সম্পর্কে জানানো হবে।” 

সন্ত্রাস ও সহিংসতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই দাবি করে তিনি বলেন, “শিক্ষার্থীরা এটা ঘৃণা করে।”

আন্দোলন প্রত্যাহার করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা প্রত্যাহার করছি না। আলোচনার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

“এখন হল বন্ধ। তাই সারা দেশের মত বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখন কোনো কর্মসূচি নেই।”

শুভ আরো বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিকভাবে জান-মালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। ভবিষ্যতে আমরা সারাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নেওয়া যেতে পারে, সেটা গণমাধ্যমকে জানাব।” 

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সারাদেশের শিক্ষার্থীরা যদি আন্দোলন না চান, শুধু শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো আন্দোলন করবে না। তবে এ মুহূর্তে কোনো কর্মসূচি না থাকলেও আন্দোলন স্থগিত করা হয়নি।” 

সংবাদ সম্মেলনের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তাদের আলোচনা হয়েছে বলে সুজয় শুভ দাবি করেন।

এ বিষয়ে শুভ বলেন, “বৈঠকে আমাদের যে চার দফা দাবি আছে, সেই দাবি তুলে ধরেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।” 

সারাদেশে সহিংস ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভ বলেন, “কারা এসব করেছে তা আমরা বলতে পারব না। এটা প্রশাসন তদন্ত করে বের করবে।”

সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সিরাজুল ইসলাম ও ভুমিকা সরকারসহ কয়েকজন শিক্ষার্থী ছিল।