২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

বিদ্যুৎ লাইন দেওয়ার মাসিক টাকা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা নিয়ে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সাতক্ষীরায় হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2024, 01:37 AM

Updated : 10 Sep 2026, 12:21 PM

সাতক্ষীরায় প্রতিপক্ষের মারধরে সাবেক এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে সদর উপজেলার আবাদেরহাটে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান।

নিহত আব্দুল মান্নান সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে ও আগরদাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান।

প্রত্যক্ষদর্শী ও ইন্দিরা গ্রামের আলফাজ হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর আবাদেরহাটের বাজারের ব্যবসায়ীদের মসজিদের লাইন থেকে বিদ্যুৎ দেওয়ার মাসিক টাকা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করছিলেন আব্দুল মান্নান। এক ব্যবসায়ীর কাছে টাকা চাওয়ায় ওই দোকানে বসে থাকা ইন্দিরা গ্রামের এক ব্যক্তির সঙ্গে আব্দুল মান্নানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল মান্নানকে বেধড়ক মারপিট করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। 

সেখানে থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতে তিনি মারা যান। 

হাসপাতাল থেকে আব্দুল মান্নানের লাশ বাড়িতে নিয়ে আসার পর পুলিশ খবর পায়। 

সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা নিহতের মরদেহ ময়নাতদন্ত করতে রাজি নন। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।”