Published : 06 Apr 2025, 06:18 PM
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় হিন্দু পরিবারে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবির পরিদর্শক রাকিব হোসেন জানান, শনিবার রাতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. রহিম উপজেলার কুড়াহার কাঁঠালকুশি এলাকার মো. মমতাজের ছেলে।
বাড়িঘরে হামলার অভিযোগ এনে একই এলাকার সুইট চন্দ্র মণ্ডল শুক্রবার থানায় মামলা করেন।
মামলার বরাতে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে রহিমের নেতৃত্বে একদল সশস্ত্র লোক সুইটের বাড়িতে হামলা চালায়। তারা ফটক ভেঙে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের গালিগালাজ করে এবং ভাঙচুর চালায়।
এ সময় ঘরের আলমারি থেকে ৮-১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ছয় লাখ টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় খড়ের পালায় অগ্নিসংযোগ করে।
ডিবির পরিদর্শক রাকিব হোসেন বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।