ভোলায় মেছো বিড়াল উদ্ধারের পর ছাড়া হল বনে
মেছো বিড়াল উপকারী প্রাণী, আতঙ্কিত হওয়ার কিছু নাই, বলেন সংশ্লিষ্ট এলাকার বিট কর্মকর্তা।
ভোলার চরফ্যাশনে স্থানীয় লোকজনের হাতে আটকা পড়া মেছো বিড়াল উদ্ধার করে বনে ছাড়া হয়েছে।
শুক্রবার উপজেলার চরমানিকা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের উত্তর চরমানিকা গ্রামের ডাক্তার বাড়িতে হাঁস-মুরগী খেতে এসে বিড়ালটি আটকরা পড়ে। প্রাণীটি দেখতে ভিড় জমান স্থানীয়রা।
পরে চরমানিকা বন বিটের লোকজন বিড়ালটি উদ্ধার করে ম্যানগ্রোভ বনে অবমুক্ত করেন বলে বিট কর্মকর্তা মো.আবুল কাশেম।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর চরমানিকা গ্রামের দেলোয়ার ডাক্তারের বাড়ির লোকজন মেছো বিড়ালটি দেখে ধাওয়া করেন। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় প্রাণীটি জীবিত আটক করতে সক্ষম হন। খবর পেয়ে সকাল ৮টার দিকে চরমানিকা বন বিট কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা মেছো বিড়ালটিকে উদ্ধার করে নিয়ে যান।
বিট কর্মকর্তা মো. আবুল কাশেম, উদ্ধার হওয়ায় মেছো বিড়ালটি পুরুষ; তার ওজন ২২-২৪ কেজির মত। এটি একটি উপকারী প্রাণী। আতঙ্ক হওয়ার কিছু নাই। এটি খাবারের সন্ধানে লোকালয় ঢুকে পড়েছে। বিড়ালটি উদ্ধার করে চর ইসলাম কেওড়া ম্যানগ্রোভ বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।
