২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ফুটবল খেলা নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের যাবজ্জীবন

২০০৮ সালের ১০ অগাস্ট গফরগাঁওয়ের শিলাসী গ্রামের এ হত্যাকাণ্ড ঘটে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 05:19 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যা মামলার তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এ রায় ঘোষণা করেন বলে আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মালেক নিশ্চিত করেছেন।

দণ্ডিতরা হলেন- গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের তিন ছেলে শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও রফিকুল ইসলাম (৫৩)।

সাজার পাশাপাশি তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা দিয়েছেন বিচারক। অনাদায়ে তাদের ভোগ করতে হবে আরও ছয় মাসের কারাদণ্ড।

বেঞ্চ সহকারী আব্দুল মালেক বলেন, এই মামলার ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বিচারক তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের খালাস দিয়েছেন।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এএইচ এম মাসুদুল আলম খান তান্না বলেন, ২০০৮ সালের ১০ অগাস্ট সকালে গফরগাঁওয়ের শিলাসী গ্রামের নুরুল হকের বাড়ির পাশে বড়ই বাগানে একদল ছেলে ফুটবল খেলছিল। এক পর্যায়ে ফুটবলটি নুরুলের টিনের বেড়ায় লাগে।

এতে নুরুল হক ক্ষিপ্ত হয়ে ছেলেদের খেলা বন্ধ করে তাড়িয়ে দেয়। পরে ছেলেদের স্বজন শাহবাজ মিয়াসহ তার পরিবারের লোকজনকে নিয়ে এসে নুরুলের ওপর দেশিয় অস্ত্র দিয়ে হামলা করে। গুরুতর অবস্থায় নুরুলকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিপি বলেন, “নুরুলের ছেলে কাজল মিয়া এ ঘটনায় বাদি হয়ে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

“সাক্ষীদের সাক্ষগ্রহণে হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।”