২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে নিখোঁজের ২০ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

মাধবদী থানার ওসি বলেন, “পরকীয় সম্পর্কের জেরে রমজান মিয়াকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

নরসিংদীতে নিখোঁজের ২০ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
নরসিংদীর মাধবদী থানা।

বিডিনিউজ২৪

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 05:56 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

নরসিংদীতে নিখোঁজের ২০ দিন পর এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে কবিরাজপুর এলাকার ব্রহ্মপুত্র নদ হতে মরদেহটি উদ্ধার করা হয় বলে মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান।

নিহত রমজান মিয়া (৩২) মাধবদী থানার রাইনাদী এলাকার সদর আলীর ছেলে। তিনি ২১ জুন থেকে নিখোঁজ ছিলেন।

গ্রেপ্তার দুজন হলেন- কুমিল্লার হোমনার জয়পুর এলাকার জব্বার মিয়ার ছেলে মাধবদী থানার কবিরাজপুর এলাকার ভাড়াটিয়া মো. কাউছার মিয়া (৩৫) এবং ওই এলাকার হাছান আলীর ছেলে মো. শামীম মিয়া (৩৮)।

পুলিশ জানায়, ২১ জুন বিকালে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন রমজান মিয়া। পরিবারের লোকজন খোজাখুঁজি করে না পেয়ে মাধবদী থানায় জিডি করেন। পরে রমজানের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়।

নিহতের পরিবারের সন্দেহের ভিত্তিতে পুলিশ কবিরাজপুর গ্রামের মো. সজিব (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় মো. কাউছার মিয়া ও শামীম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের তথ্যের ভিত্তিতে রমজানের মরদেহ পাকা রাস্তা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ হতে উদ্ধার করা হয়।

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, “পরকীয় সম্পর্কের জেরে রমজান মিয়াকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।