Published : 30 Jul 2026, 10:36 PM
এনসিপি জামায়াতে ইসলামীর মস্তিস্কে পরিচালিত হচ্ছে বলে বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।
তিনি বলেন, “এনসিপি নতুন বন্দোবস্তের রাজনীতি শুরু করেছে। জামায়াত একটি ধুরন্ধর ও চালাক রাজনৈতিক দল। এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে।”
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ দাবি করেন।
রাশেদ খান বলেন, “তারা সংসদে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রশংসা করে কথা বলেন। আবার বাইরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের গালিগালাজ করে। গণআন্দোলনের হুমকি দিচ্ছে।”
গালিগালাজ বন্ধ করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জামায়াত ও এনসিপির পক্ষে আবার গণআন্দোলন গড়ে তোলা সম্ভব নয়। আপনারা রাজনীতির মাঠকে কলুষিত করছেন, এর খেসারত আপনাদের দিতে হবে। যদি রাজনৈতিক পরিবেশ নষ্ট করেন, তা শক্তভাবে মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।”
এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, “গণঅভ্যুত্থানের মধ্যে এদেশ থেকে আওয়ামী লীগের পতন হয়েছে। আর দিল্লিতে আওয়ামী লীগের কবর হয়েছে। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ আর দেশে ফিরে আসতে পারবে না।”
মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, বীর মুক্তিযোদ্ধা মো. কামালুজ্জামান, চেম্বার সভাপতি মোয়াজ্জেম হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন।