২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বিএনপি অফিসে আগুন: সাবেক এমপিসহ আসামি ৯৮

১৬ জুলাই এক পর্যায়ে জেলা আওয়ামী লীগ ও বিএনপি কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গাইবান্ধায় বিএনপি অফিসে আগুন: সাবেক এমপিসহ আসামি ৯৮
গাইবান্ধা সদর থানা

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 12:47 AM

Updated : 10 Sep 2026, 12:14 PM

গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এতে সদর আসনের সাবেক সংসদ সদস্যসহ ৯৮ আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

রোববার সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন বলে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানান।

মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু, জেলা যুবলীগের সভাপতি রাজীবসহ ৯৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, এখন নিয়ম অনুযায়ী তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে।

কোটা সংস্কারের দাবি এবং ছয় শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা ১৬ জুলাই গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ করে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগ ও বিএনপি কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

পরবর্তীতে সেই ঘটনায় তিন মামলায় শিক্ষার্থী ও বিএনপি, জামায়াতে ইসলামীর প্রায় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়।