কুড়িগ্রামে যৌথ অভিযানে মাদক উদ্ধার, ‘কারবারি’ আটক
কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় অভিযানে ট্যাপেন্টাডল গ্রুপের ট্যাবলেট, গাঁজা, টাকা, মোবাইল উদ্ধার করা হয়েছে।
কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় যৌথ অভিযানে ট্যাপেন্টাডল গ্রুপের ট্যাবলেট, গাঁজা, টাকা, মোবাইল উদ্ধার করা হয়েছে। অভিযানে এক ‘মাদক কারবারিকে’ আটক করা গেলেও আরেকজন পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজারহাট উপজেলার মাদাই পাঠান পাড়া এলাকায় এবং শুক্রবার ভোরে সদর উপজেলার কাঁঠালবাড়ীতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহরিয়ার আহাদ।
সেনাবাহিনীর রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্ত ২২ বীরের একটি টহল দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানগুলো চালান।
রাজারহাট উপজেলার মাদাই পাঠান পাড়া এলাকায় যৌথ অভিযানে ট্যাপেন্টাডল গ্রুপের ৫১টি ট্যাবলেট ও স্মার্টফোনসহ আটক করা হয় মো. মোস্তফাকে (১৯)।
পরে শুক্রবার ভোর ৪টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল গ্রুপের ১২৭টি ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৬১ হাজার ৩৪০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান রবিউল ইসলাম (৩০)।
মেজর শাহরিয়ার আহাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে একজনকে আটক করা হয়েছে, আরেকজন পলাতক। তারা দুজনই মাদক কেনাবেচায় জড়িত।
আগামীতে সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, পলাতক মাদক কারবারীকে গ্রেপ্তার করার জন্য যৌথ অভিযান চলমান আছে।
