১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধর্ষণের পর ভিডিও ছড়ানোর অভিযোগ, চায়ের দোকানিকে পিটুনি

কৌশলে কিশোরীকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন এবং ওই ঘটনা মোবাইলে ভিডিও করেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 10:54 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক চায়ের দোকানিকে পিটিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক।

গ্রেপ্তার মোবারক হোসেন সরদারের (৫২) এলাকায় একটি চায়ের দোকান রয়েছে।

পুলিশ জানায়, প্রায় তিন মাস আগে মোবারক কৌশলে কিশোরীকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন এবং ওই ঘটনা মোবাইলে ভিডিও করেন। কয়েক দিন আগে তিনি ভিডিওটি ছড়িয়ে দিলে বিষয়টি জানাজানি হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে সালিস বসে। সেখানে মোবারক না থাকায় কোনো সিদ্ধান্ত ছাড়াই সালিস শেষ হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকালে মোবারক কিশোরী ও তার পরিবারের সদস্যদের হুমকি দেন। এ সময় স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ওসি হাফিজুর রহমান মানিক বলেন, কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোবারককে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর ভাই তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নঈমুল ইসলাম রাজিব বলেন, মোবারকের মাথা ও শরীরে জখম রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।