পরিবারকে দেখতে এসে টুঙ্গিপাড়া ছাত্রলীগের সম্পাদক গ্রেপ্তার
লিংকন মোল্লা পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন লিংকন। সোমবার সন্ধ্যার পর তিনি পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে যান।
খবর পেয়ে পুলিশের একটি দল বাড়িতে অভিযান চালায়। তখন লিংকন বাড়ির দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেন। কিন্তু পুলিশ ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।
লিংকন মোল্লা পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে।
