২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ১৪ হাজার পরিবার পানিবন্দি, আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ

বন্যাকবলিত মানুষদের জন্য ১২৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2024, 04:18 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে হবিগঞ্জের বিভিন্ন উপজেলা বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ১৪ হাজার ৩৪০টি পরিবারের ৫৭ হাজার ৫৬০ জন মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।

বন্যাকবলিত মানুষদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে বহু পরিবার গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল নিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন। পানি না কমায় আশ্রয়কেন্দ্রে ছুটছেন মানুষ।

মঙ্গলবার রাত থেকে হবিগঞ্জে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। জেলার সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যেও হয় প্রবল বর্ষণ। বৃষ্টিপাতের কারণে খোয়াই, করাঙ্গি, কুশিয়ারা, ভেড়ামোহনাসহ অন্যান্য নদীর পানি বেড়ে গেছে। 

বুধবার থেকে এসব নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে পানি ঢুকে পড়েছে জেলার নিম্নাঞ্চলগুলোতে। এতে সাধারণ মানুষের যেন দুর্ভোগের শেষ নেই।

হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করছে। বানের পানিতে তলিয়ে গেছে রিচি, জালালাবাদ, ছোট বহুলা, সুলতান মাহমুদপুর, নোয়াগাঁওসহ আশপাশের গ্রামগুলো। তলিয়ে গেছে হাওরের বিস্তীর্ণ আমন খেত। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া পানি উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠানেও।

ঘরে বানের পানি ওঠায় সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন মনিরা খাতুন। তিনি বলেন, বাড়িতে পানি ওঠায় ঘরের সব মালামাল নষ্ট হয়ে গেছে। 

সেখানে আশ্রয় নেওয়া মো. আব্দুল হাই বলেন, “বাড়িঘরে পানি ওঠার পাশাপাশি আমন খেত তলিয়ে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে এখন অসহায়ের মতো দিন কাটাচ্ছি।”

বন্যায় ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম বলেন, বানের পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। তবে পানিতে তার ঘরের অনেক মালামাল নষ্ট হয়ে গেছে।

হবিগঞ্জ জেলা ত্রাণ কর্মকর্তা সুমি রাণী বল বলেন, এ পর্যন্ত ১৪ হাজার ৩৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৭ হাজার ৫৬০ জন। তাদের জন্য প্রস্তুত করা হয়েছে ১২৫টি আশ্রয়কেন্দ্র। ক্ষতিগ্রস্তরা অশ্রয়কেন্দ্রে ছুটছেন।

আশ্রয়কেন্দ্রে আসা লোকজনসহ বন্যায় আক্রান্তদের সহযোগিতায় জেলা প্রশাসন মাঠে কাজ করছে বলে জানান তিনি।