গাজীপুরে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নামে আরও ২ হত্যা মামলা
ছাত্র-জনতার আন্দোলনের সময় কালিয়াকৈরে গুলিতে দুই যুবক নিহতের ১১ মাস পর মামলা দুটি করেছেন স্বজনরা।
ছাত্র-জনতার আন্দোলনের সময় গাজীপুরে কালিয়াকৈরে দুই যুবক নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আলাদা দুটি হত্যা মামলা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে হত্যায় জড়িত ও প্ররোচনার অভিযোগে সোমবার রাতে কালিয়াকৈর থানায় মামলা দুটি হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক।
দুটি মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৪০০ জনকে আসামি করা হয়েছে। এর আগে কালিয়াকৈর থানায় আরও ছয়টি মামলা করা হয়েছিল।
কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২০) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও গ্রামের শহিদুল্লাহ গাজীর ছেলে হাফিজুল ইসলাম গাজী (২৫) নিহতের ঘটনায় মামলা দুটি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৪ অগাস্ট বিকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে ছাত্র-জনতার একটি মিছিল বের হয়। এক পর্যায়ে মিছিলে গুলিবর্ষণ ও লাঠিপেটার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নিহত ও শতাধিক ছাত্র-জনতা আহত হয়।
সেখানে গুলিবিদ্ধ হন হাফিজুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান তিনি।
সেই ঘটনার ১১ মাস পর সোমবার রাতে হাফিজুল ইসলামের বড় ভাই আবদুল হামিদ গাজী কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।
মামলা অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি তালহা ইবনে অলি, ছগির আহম্মেদসহ ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৪০০ জনকে আসামি করা হয়েছে।
অপরদিকে একই দিন উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ আল মামুন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
পরদিন ৫ অগাস্ট লাশটি শনাক্ত করে বাড়িতে নিয়ে যান স্বজনরা। ছেলের মৃত্যুর খবর পেয়ে মা পারভীন বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। যার কারণে দীর্ঘদিন এ ঘটনায় কেউ অভিযোগ বা মামলা করেননি।
ঘটনার ১১ মাস পর ৩০ জুন রাতে মামুনের বন্ধু নয়ন মিয়া কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।
এ ছাড়া মামলায় সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।
এসব মামলা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার যাবের সাদেক।
