‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে ফেনীতে বিক্ষোভ-অবস্থান
“প্রয়োজনে আমি রক্ত দেব তবু ‘জুলাই সনদ’ আমাদের চাই।”
‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি হয়েছে।
‘জুলাই যোদ্ধা’ ও জুলাই আন্দোলনে নিহতদের স্বজনরা মঙ্গলবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি শহীদ মিনারের সামনে থেকে বের হয়ে শহরের ট্রাংক রোড, খেঁজুর চত্বর, প্রেসক্লাব, কেন্দ্রীয় বড় মসজিদ ঘুরে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে ‘জুলাইয়ের প্রেরণা: দিতে হবে ঘোষণা’, ‘জুলাইয়ের খুনিদের বিচার চাই’, ‘জুলাই সনদ দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে’, ‘জুলাই আমার অহংকার’, ‘হয়তো জুলাই সনদ, নয়তো মৃত্যু’, ‘নতজানু হয়ে সারা জীবন বাঁচার চেয়ে আমি এখনই মৃত্যুর জন্য প্রস্তুত’, ‘গন্তব্য এখানে শেষ নয়’, ‘প্রতিশ্রুতি রাখেনি সরকার’, ‘ঘোষণাপত্র চাই’সহ নানা দাবি সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন ‘জুলাই যোদ্ধারা’।
অবস্থান কর্মসূচিতে জুলাই আন্দোলনে শহীদ ইফতিয়াক আহমদ শ্রাবনের মা ফাতেমা আক্তার শিউলি, জামায়াতে ইসলামীর ফেনী জেলার আমির মুফতি আব্দুল হান্নান, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি ইকরামুল হক ভূঁইয়া, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রেজভী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের, সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম, আব্দুল আজিজ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও নিহতদের পরিবারের কয়েকজন স্বজন বক্তব্য দেন।
ফাতেমা আক্তার শিউলি বলেন, “জুলাই অভ্যুত্থানে আমার একমাত্র ছেলে শ্রাবনকে হারিয়েছি। আজ এক বছর হতে চলল এখনো আমার ছেলে হত্যার বিচার শুরু হয়নি। অন্তবর্তীকালীন সরকার এখনো ‘জুলাই সনদ’ ঘোষণা করেনি। ছেলেকে তো আর ফিরে পাব না। প্রয়োজনে আমি রক্ত দেব তবু ‘জুলাই সনদ’ আমাদের চাই।”
বক্তারা বলেন, যে জুলাইয়ের রক্তের উপরে এই সরকার দাঁড়িয়ে আছে, তাদের খুনিদের বিচার এবং সনদ বাস্তবায়নে কেন এত দেরি হচ্ছে? সরকারের গড়িমসি আর মেনে নেওয়া হবে না। অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে।
