গাজীপুরে লুট হওয়া অস্ত্র উদ্ধার, হস্তান্তর করল সেনাবাহিনী
হস্তান্তর করা অস্ত্রগুলোর মধ্যে তিনটি পিস্তল, পাঁচটি শটগান এবং বিপুল গোলাবারুদ রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্রদের সরকার পতনের এক দফা আন্দোলনের সময় গাজীপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামা উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
সোমবার দুপুরে সেনাবাহিনীর ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান এসব অস্ত্র পুলিশের হাতে তুলে দেন বলে জানান গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
পুলিশের কাছে হস্তান্তর করা অস্ত্রগুলোর মধ্যে বিভিন্ন মডেলের তিনটি পিস্তল, পাঁচটি শটগান এবং বিপুল গোলাবারুদ রয়েছে।
নিজ কার্যালয়ের সামনে অস্ত্র হস্তান্তরের সময় জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের বলেন, ৫ অগাস্টের পর বিভিন্ন থানায় লুটপাট চালানো হয়। পরে খোয়া যাওয়া ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামেন সেনা সদস্যরা। অনেকেই স্বেচ্ছায় সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিয়েছেন।
অভিযানে সেনা সদস্যরা তিনটি পিস্তল, পাঁচটি শটগান, একটি ওয়ালথার, ছয়টি পিস্তলের ম্যাগাজিন, চারটি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩টি গুলি, ২০টি বল অ্যামো, পুলিশের রায়টসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন বলে জানান তিনি।
লুট হওয়া এবং খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তরের আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, “লুট হওয়া অস্ত্র হস্তান্তর করা হলে কাউকে কিছু বলা হবে না। তবে যৌথ অভিযান শুরুর পর যার কাছে অস্ত্র পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপির) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, জেলা পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলমসহ সেনা, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
