১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ঝুট গুদাম

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 03:57 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

গাজীপুর নগরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের সালনার কাথোরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হিরন মিয়া।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে আব্দুল আউয়াল মিয়ার মালিকানাধীন বাড়িতে একটি ঝুট গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান।

আগুন আশেপাশের টিন শেডের বসত বাড়িতে ছড়িয়ে পড়ার আগেই দুপুর সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা হিরন মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পরও বেলা ৩টা পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ চলছিল। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।