ভোট সুষ্ঠু করতে ২৬ হাজার ‘বডি ওর্ন ক্যামেরা’, থাকবে ড্রোন: উপদেষ্টা
ময়মনসিংহ সিটি করপোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেরানেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, “কেন্দ্র দখল যেন না হয়, সেজন্য এবার সিসি টিভি ক্যামেরা কেন্দ্রে লাগানো হচ্ছে, পুলিশকে ২৫ হাজার ৭০০ ‘বডি ওর্ন ক্যামেরা’ দিচ্ছি, ড্রোন ব্যবহার করছি। এরপরও যদি কেউ কোনো রকম এদিক-সেদিক করতে যায়, তাহলে ছাড় পাবে না।”
সোমবার বিকাল সাড়ে ৫টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের সাহাব উদ্দিন মিলনায়তনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি সভা করেন তিনি।
তিনি বলেন, “মতবিনিময় সভায় সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সবাই ছিল। এতে আমরা বিভিন্ন সমস্যাগুলো আলোচনা করেছি। তাদের প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছি। এতে দেখা গেছে, তাদের প্রস্তুতি বেশ ভালো এবং প্রশংসনীয়। তারা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবে, এটা আমাদের বিশ্বাস।”
অবৈধ অস্ত্রের কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, “থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। তবে তৎপরতায় উদ্ধার বাড়ছে।”
এ সময় তিনি বলেন, শেরপুরের ঝিনাইগাতীর মত এমন ঘটনা আরও কোথাও হবে না। সেই লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী (এনডিসি), ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, র্যাব-১৪ এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান, ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, সেনাবাহিনী, বিজিবি, আনসরারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা।
