চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন, ৮ জনকে জেল-জরিমানা
এ ঘটনার পর কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদরে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করা একটি কারখানা থেকে আটক আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার রাত ৯টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার সরলা ফুলতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ।
বুধবার দুপুরে তিনি বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই কারখানাটিতে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর পদ্ধতিতে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল।
এ ঘটনায় আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক থেকে ৩ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানান ইকরামুল হক নাহিদ।
এ ছাড়া নেসকো-১-এর সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়; যাতে ভবিষ্যতে একই ধরনের কার্যক্রম পরিচালনা করা না যায় বলে জানান তিনি।
অভিযানে সদর মডেল থানা পুলিশের দুটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।
পরিবেশ দূষণকারী অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার।
