সাতক্ষীরায় হত্যা মামলার কারাবন্দি সাবেক পিপির মৃত্যু
আবদুল লতিফ আওয়ামী লীগের জেলা কমিটির উপদেষ্টা এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
তিনটি হত্যা মামলায় কারাবন্দি সাতক্ষীরার রাষ্ট্রপক্ষের সাবেক কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন।
সোমবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুর রহমান।
আবদুল লতিফের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামে। তিনি জেলা জজ আদালতের সাবেক পিপি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির উপদেষ্টা এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
নিহতের মেয়ে শাম্মি আক্তার বলেন, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর খুলনার বয়রা এলাকা থেকে পুলিশ তার বাবা আবদুল লতিফ ও ভাই রাসেলকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
সাতক্ষীরা জেলা কারাগারের জেলার দুলাল কর্মকার বলেন, সোমবার রাত ৩টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল লতিফ। দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।
সদর হাসপাতালের আরএমও আব্দুর রহমান বলেন, রাত ৩টা ৩৫ মিনিটে জেল কর্তৃপক্ষ বুকে ব্যথা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে। রাত ৪টায় তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, নির্বাহী হাকিমের উপস্থিতিতে লাশের সুরতহাল করা হবে। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
