১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদীতে ৫০০ হাফেজ নিয়ে দোয়া

ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন চিকিৎসাধীন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 08:55 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদীর শিবপুর উপজেলায় প্রায় পাঁচশ হাফেজ নিয়ে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকালে উপজেলার পুটিয়া এবং আইয়ুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শেরপুর জামিয়া ফারুকিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

অন্তত পাঁচশ হাফেজ নিয়ে কোরআন খতমের পর দোয়া করেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। এ সময় মাদ্রাসার শিক্ষক এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোনাজাত শেষে আগামীর বাংলাদেশে খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথা স্মরণ করে তার দ্রুত সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা। 

এর আগে ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করে নেওয়া হয়। 

সবশেষ সোমবার ভোর সাড়ে ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একই হাসপাতালে রাখা হয়েছে ‘স্পেশাল কেয়ারে’।