২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে জমির বিরোধে বৃদ্ধ খুন, ছেলে হাসপাতালে

বিরোধ মীমাংসার জন্য বিকালে স্থানীয় মুরুব্বিরা উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন।

মানিকগঞ্জে জমির বিরোধে বৃদ্ধ খুন, ছেলে হাসপাতালে
মানিকগঞ্জের সিংগাইর থানা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2026, 12:13 AM

Updated : 26 Aug 2026, 03:29 PM

জমির বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলে। 

শুক্রবার বিকালে পৌরসভার গোলড়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে জানান সিংগাইর থানার এসআই রেজাউল করিম।  

নিহত নজরুল খন্দকার (৬২) ওই গ্রামের গিয়াস উদ্দিন খন্দকারের ছেলে।

গুরুতর আহত অবস্থায় নজরুলের ছেলে অভি খন্দকার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নজরুল খন্দকারের সঙ্গে তার ছোট ভাই ওহেদ খন্দকার ও ভাতিজাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধ মীমাংসার জন্য বিকালে স্থানীয় মুরুব্বিরা উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠক চলাকালে বাকবিতণ্ডায় একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এ সময় প্রতিপক্ষের লোকজন নজরুল খন্দকারকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার ছেলে অভি খন্দকারকে ইট দিয়ে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত হন।

নজরুলকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

সিংগাইর থানার এসআই রেজাউল করিম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।