২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ডেকে এনে তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

যুবকের সঙ্গে প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে ওই তরুণীর পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

রাজবাড়ীতে ডেকে এনে তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ
পাংশা মডেল থানা

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 10:57 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

রাজবাড়ীর পাংশা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে এনে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় ‘ভুক্তভোগী’ নারী দুজনকে আসামি করে রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান।

বাদী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগর এলাকায় বসবাস করেন। 

মামলার আসামিরা হলেন- উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের আকাশ মণ্ডল (২৯) এবং একই ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামের জামাল মণ্ডল (২৩)। 

মামলার বরাতে পুলিশ জানায়, সরিষা ইউনিয়নের এক যুবকের সঙ্গে প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে ওই তরুণীর পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৪ ফেব্রুয়া‌রি তাদের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। 

পরে ওই যুবকের বন্ধু আকাশ মণ্ডল তরুণীকে ফোন করে পাংশায় আসতে বলেন। আকাশ তরুণীকে আশ্বাস দেন, ওই যুবকের সঙ্গে তার বিয়ে দিয়ে দেবেন। 

শুক্রবার ওই তরুণী গাজীপুর থেকে পাংশায় আসেন। পরে তাকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে আকাশ ও জামাল তাকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়।

এতে বলা হয়, এ সময় তার কাছে থাকা ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল নিয়ে নেওয়া হয়।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম ব‌লেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।