বরিশালে ৩ দিনে ৭ টুকরো দেহাংশ উদ্ধার
উদ্ধার করা শরীরের অংশগুলো কোনো ফ্রিজে রাখা ছিল বলে ধারণা পুলিশের।
বরিশাল নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকা থেকে গত তিনদিনে মানুষের শরীরের সাতটি অংশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দেহাংশগুলো উদ্ধার করা হয় বলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার জানান।
তবে উদ্ধার হওয়া শরীরের অংশ নারী না পুরুষের, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওসি বলেন, “সবশেষ মঙ্গলবার সকালে ইছাকাঠি এলাকার হাতেম মীরার দীঘিতে ভাসমান অবস্থায় পলিথিনের মধ্যে থাকা একটি হাত উদ্ধার করা হয়।
“এর আগে রোববার ওই দীঘি থেকে প্রথমে একটি পায়ের অংশ উদ্ধার করা হয়েছিল। একইদিন পাশের আলতাফ মিয়ার পুকুর থেকে প্লাস্টিকের ব্যাগে মানুষের শরীরের চারটি অংশ উদ্ধার হয়।”
সোমবার আরও একটি অংশ ইছাকাঠি এলাকার একটি ডাস্টবিন থেকে উদ্ধার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি জাকির সিকদার বলছেন, “পুরো এলাকা পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশে-পাশের কোনো বাসা বাড়িতে নির্মম ও নৃশংশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।
“উদ্ধার করা শরীরের অংশগুলো কোনো ফ্রিজে রাখা ছিল। এ বিষয়ে কাজ করা হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করা হবে।”
স্থানীয় বাসিন্দা ও সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী রাহাত হোসেন বলেন, “সোমবার যে ডাস্টবিন থেকে শরীরের একটি অংশ উদ্ধার করা হয়েছে, আগের রাতে সেই ডাস্টবিন পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করেছে। পরে সেই ডাস্টবিন থেকে শরীরের অংশ উদ্ধার হয়েছে।”
মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
