Published : 23 Aug 2025, 11:50 AM
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিন জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আটক হওয়া একজনকে সে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ঘটনায় আহত মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শনিবার মামলাটি করেছেন বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর হেয়ার আসাদ নগরে পিটিয়ে হত্যার এ ঘটনা ঘটে।
নিহত লোকমান হোসেন (৩৫) শেরপুরের সদর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির ঠিকাদারের কর্মী হিসেবে কাজ করতেন।
মামলার বাদী ও আহত মোস্তাফিজুর রহমান (২৮) শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব জিনিয়া গ্রামের বাসিন্দা।
মামলার আসামি ও গ্রেপ্তার তারেক আজিজ (৩৫) জাহাজমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর হেয়ার গ্রামের কামাল উদ্দিনের ছেলে। পেশায় তিনি ইলেকট্রিক মিস্ত্রি। অন্য দুই আসামি হলেন মো. শরিফ ও নার্গিস আক্তার।
মামলার বরাতে ওসি আজমল বলেন, লোকমান ও মোস্তাফিজুর বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ করার পর অপ্রয়োজনীয় ১৬০ কেজি মালামাল বিক্রির জন্য বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাজমারা ইউনিয়নের আসাদ নগরে ভাঙারি ব্যবসায়ী বাবুলের দোকানে যান।
এ সময় স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজসহ তিনজন মিলে তাদের আটক করেন এবং রশি দিয়ে বেঁধে ফেলেন। তারা বলতে থাকেন, এসব মালামাল চুরি করে আনা হয়েছে।
এক পর্যায়ে তারেক লোহার দণ্ড দিয়ে লোকামানের ডান হাতে ও পিঠে আঘাত করেন। এ সময় দুই শতাধিক উৎসুক লোক সেখানে ভিড় করেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তাদের দুজনকে উদ্ধার করে।
এ সময় লোকমান ঘামাতে থাকেন এবং পায়খানা-প্রশ্রাব করে দেন। দ্রুত পুলিশ তার বাঁধন খুলে দেয়। তবে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ময়নাতদন্ত শেষে নিহত লোকমান হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুই আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
আগের সংবাদ