২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর কারাগারে হামলা: মামলা, লুটের ৭ অস্ত্র উদ্ধার

জেলা কারাগারের সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান আরও জানান, হামলায় ক্ষতিগ্রস্ত কারাগারটি সংস্কারের জন্য শেরপুর গণপূর্ত বিভাগে বলা হয়েছে। এ ছাড়া আসামি ও কয়েদিদের ব্যবহার্য থালা-বাটি-কম্বলসহ লুট হয়ে যাওয়া অন্য মালামাল বরাদ্দ চেয়ে সরকারের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 02:18 AM

Updated : 26 Aug 2026, 10:15 AM

শেরপুর জেলা কারাগারে হামলার ঘটনায় মামলা হয়েছে; লুটে নেওয়া অস্ত্রের মধ্যে সাতটি রাইফেল উদ্ধার করা হয়েছে। 

কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কারাধ্যক্ষ লিপি রানি সাহা বাদী হয়ে ১০-১২ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।

গত রোববার সদর থানায় মামলাটি দায়ের করা হয় বলে কারাগারটির সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান মঙ্গলবার বিকালে জানিয়েছেন।

গত ৫ অগাস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে শেরপুর শহরে আনন্দ মিছিল শুরু হয়। এরপর বিকাল সাড়ে চারটার দিকে একদল লোক কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর, লুটপাট চালায় ও অগ্নিসংযোগ করেন। এ সুযোগে কারাগারে থাকা ৫২৭ বন্দি পালিয়ে যান এবং নয়টি অস্ত্র লুট হয়। 

শেরপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে অস্ত্র জমা দেওয়ার অনুরোধ করার পর লুটের নয়টি অস্ত্রে মধ্যে সাতটি উদ্ধার হয়। 

গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাঁচদিনে বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো শেরপুর জেলা কারাগারের সুপারের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। 

জেলা কারাগারের সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান আরও জানান, হামলায় ক্ষতিগ্রস্ত কারাগারটি সংস্কারের জন্য শেরপুর গণপূর্ত বিভাগে বলা হয়েছে। এ ছাড়া আসামি ও কয়েদিদের ব্যবহার্য থালা-বাটি-কম্বলসহ লুট হয়ে যাওয়া অন্য মালামাল বরাদ্দ চেয়ে সরকারের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে শেরপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, “জেলা কারাগার সংস্কারের প্রাক্কলন ব্যয় নিধারণের কাজ চলছে। কারাগার সংস্কারের জন্য আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা খরচ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” 

কয়েদিদের থাকার সেলগুলো আগামী ৩-৪ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করা সম্ভব বলে তিনি জানান। 

যেহেতু প্রশাসনিক ভবন, কারারক্ষীদের ব্যারাক, কারাধ্যক্ষের বাসভবন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সংস্কার করতে ১৫ দিনের মত লাগবে বলেও জানান প্রকৌশলী আনোয়ার হোসেন।